চানাচুরের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

অটোরিকশাচালক রুবেল শিশুটিকে চানাচুর কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে পাশের নির্জন একটি স্থানে নিয়ে যান।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগে রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ
শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগে রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে চানাচুর কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

রোববার (৭ জুন) উপজেলার কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেফতার রুবেল কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামের শাহজাহানের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ জানায়, রোববার বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অটোরিকশাচালক রুবেল শিশুটিকে চানাচুর কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে পাশের নির্জন একটি স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে প্রতিবেশী এক নারী এগিয়ে আসেন। এরপর স্থানীয়রা গিয়ে রুবেলকে আটক করে মারধর করে। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।