লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকা থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলটারী বিওপির আওতাধীন ডিগ্রির চর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
১৫ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র চোরাচালানের গোপন তথ্য পেয়ে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, অস্ত্রগুলো চোরাচালানের সাথে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রমও চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’



