সরকার বিচার বিভাগ ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না : তথ্য প্রতিমন্ত্রী

‘হলুদ সাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা পুরোপুরি অক্ষুণ্ন থাকবে।’

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
সাংবাদিকদের সাথে কথা বলছেন তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের সাথে কথা বলছেন তথ্য প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘বিএনপি সরকার উদার ও মানবিক সরকার। জনগণের কল্যাণ ও মঙ্গলার্থে সরকার কাজ করে যাচ্ছে। এই সরকার বিচার বিভাগ ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না।’

তিনি বলেন, ‘তাই বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছেন।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে আয়োজিত রফিক হিলালী ইংলিশ এস্কিলেন্স প্রোগাম-২০২৬-এর ওরিন্টেশন ক্লাস ও এসএসসি দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা, হলুদ সাংবাদিকতা রোধ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকার সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছে। হলুদ সাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা পুরোপুরি অক্ষুণ্ন থাকবে।’

বিগত সরকারের ভয়ভীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আর আগের মতো ভয় পাবার কিছু নেই। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা নেই এই সরকারের।’

তিনি আরো বলেন, ‘সুস্থ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখা এবং অপসাংবাদিকতা রোধে পিআইবির মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করা হচ্ছে, যাতে সাংবাদিকতার মানদণ্ড বজায় থাকে, আর জনগণ সঠিক সংবাদ জানতে পারেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা-৩ আসনের এমপি রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এ সময় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।