ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া তিনটি বগি প্রায় ১৫ ঘণ্টার উদ্ধার অভিযানের পর সরিয়ে নেয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ এখনো চলমান রয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার সম্পন্ন হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ময়মনসিংহের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের পর পুনরায় যাত্রা শুরু করে। ট্রেনটি স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় বিকট শব্দে এর তিনটি কোচ লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর লাইনচ্যুত তিনটি কোচ স্টেশন এলাকায় রেখে রাত ১২টা ২৫ মিনিটে বিজয় এক্সপ্রেসের বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
পরে দুর্ঘটনাকবলিত কোচ উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনটি বগিই উদ্ধার করা সম্ভব হয়। তবে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ তখনও শেষ হয়নি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকতার হোসেন বলেন, ‘বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর সেগুলো স্টেশনে রেখে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়।’
ময়মনসিংহ স্টেশনের আরএনবি’র হাবিলদার গোলাম মওলা জানান, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমে ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



