ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে রেললাইনের ওপর অসহায়ভাবে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে সরিয়ে দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তোফায়েল আহমেদ (২০) নামের এক তরুণের।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
মৃত তোফায়েল ওই উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো বিকেলে বন্ধুদের সাথে কসবা রেলস্টেশনে ঘুরতে এসেছিলেন তোফায়েল। সন্ধ্যার দিকে স্টেশনের এক লাইনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ দাঁড়িয়ে ছিল। ওই ট্রেন থেকে নেমে এক বৃদ্ধ অসাবধানতাবশত মাঝখানের লাইনের ওপর গিয়ে দাঁড়ান।
ঠিক তখনই ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন ‘সুবর্ণ এক্সপ্রেস’ দ্রুতগতিতে স্টেশনের দিকে ধেয়ে আসছিল। ট্রেনের চালক একের পর এক হর্ন বাজালেও বৃদ্ধ যেন কিছুই শুনতে পাচ্ছিলেন না। আশপাশের মানুষের চিৎকারও তার কানে পৌঁছাচ্ছিল না। স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকজন যখন আতঙ্কে পরিস্থিতি দেখছিলেন, তখনই দৌড়ে এগিয়ে যান তোফায়েল। চোখের পলকে তিনি লাইনে ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধকে ধাক্কা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে দেন। কিন্তু নিজের জন্য আর সময় পাননি। মুহূর্তেই দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেস সজোরে আঘাত করে তাকে। প্রচণ্ড ধাক্কায় তিনি দূরে ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, আর কয়েক সেকেন্ড দেরি হলে বৃদ্ধ লোকটির মৃত্যু হত। তোফায়েল নিজের জীবনের কথা না ভেবে তাকে বাঁচানোর চেষ্টা করেছে। আমরা চোখের সামনে এমন দৃশ্য কখনো দেখিনি।
স্থানীয়দের ভাষ্য, পরোপকারী ও সাহসী স্বভাবের তরুণ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তোফায়েল। এমনকি ঘটনার দিন সকালেও তিনি স্টেশনে এক যাত্রীকে সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা করেছিলেন বলে দাবি করেন কয়েকজন বাসিন্দা।
কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: হানিফ মিয়া বলেন, ‘সুবর্ণ এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তোফায়েল আহমেদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা।’
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। পরিবারের লিখিত আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



