সিলেটে এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় গ্রেফতার ১৫৩

অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার ও মেট্রো অধ্যাদেশের আওতায় ১৫৫ জনকে গ্রেফতার করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১৫৩ জন
এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১৫৩ জন |নয়া দিগন্ত

অপরাধ কর্মকাণ্ড দমনে সিলেট নগরীতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১৩৯ জন। এই সময়ে ট্রাফিক পুলিশ ১৮৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে ৩২ ঘণ্টায় ২১৬ জনকে গ্রেফতার করেছিল এসএমপি।

এসএমপি সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টা থেকে রোববার (১৪ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার ও মেট্রো অধ্যাদেশের আওতায় ১৫৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, জুয়াড়ি, চোর, হকার, সন্দেহভাজন ব্যক্তি, মেট্রো অধ্যাদেশে গ্রেফতার আসামি, চোরাকারবারি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযানকালে ৮৫ পিস ইয়াবা ও আট বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

এদিকে এ সময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৮৬টি যানবাহন আটক করা হয়।

এছাড়া রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত আরো আট ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ১৪ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে নিয়মিত মামলার ও সন্দেহভাজন আসামি, ওয়ারেন্টভুক্ত ও মাদকসেবী-মাদক কারবারি রয়েছেন।

সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।