ময়মনসিংহের ২ উপজেলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিখোঁজ ইলমাকে স্থানীয়রা খুঁজে না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪৫ মিনিট অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে ইলমার লাশ উদ্ধার করে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

ময়মনসিংহের গৌরীপুর, ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গৌরীপুরে ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে সহোদর দুই বোন।

গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে মারা গেছে রিয়ামনি (৮) ও ইলমা (৪) নামে দুই বোন। তারা ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে। রিয়ামনি স্থানীয় বীর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে ছোট বোন ইলমাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে যায় রিয়ামনি। একপর্যায়ে ইলমা কাদায় পড়ে গেলে তাকে পরিষ্কার করতে রিয়ামনি পানিতে নামে। এ সময় ইলমা পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধারে ঝাঁপ দেয় রিয়ামনি। কিন্তু শেষ পর্যন্ত দুই বোনই পানিতে ডুবে যায়।

ঘটনাটি দেখতে পেয়ে আট বছর বয়সী আরেক শিশু সুমাইয়া পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা রিয়ামনিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিখোঁজ ইলমাকে স্থানীয়রা খুঁজে না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪৫ মিনিট অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে ইলমার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে গফরগাঁও উপজেলায় পানিতে ডুবে মুনতাহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাগুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মুনতাহা উপজেলার বাগুয়া গ্রামের শামছুল আলমের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে স্থানীয়রা শিশু মুনতাহাকে উদ্ধার করে। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান শেখ বলেন, নিহত শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।