ব্রাহ্মণবাড়িয়া শহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিজয় বর্মন (৩৩) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের কাউতলী স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় পৌর শহরের গোকর্ণঘাট এলাকার বর্মনপাড়ার বাসিন্দা ও হিমাংশ বর্মনের ছেলে। তিনি স্থানীয় বাজারে বিজয় মেডিক্যাল ফার্মেসি নামে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় শহরমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ইসিজি পরীক্ষার পর রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহসান হাবিব জানান, মাথায় গুরুতর আঘাতজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহতের বড় ভাই সঞ্চয় বর্মন জানান, সন্ধ্যায় দোকান বন্ধ করে বিজয় শহরে যান। পরে রাতে পুলিশের কল পেয়ে হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন, সড়ক দুর্ঘটনায় তার ভাই মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বেপরোয়া গতির একটি অটোরিকশার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



