যশোরের চৌগাছায় আরআরএফ’র উদ্যোগে নারীদের মাঝে ওষুধি ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) চৌগাছা শাখা অফিসে এ চারা বিতরণ করা হয়।
জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সমবায় সমিতির নারী সদস্যদের মাঝে ৪টি করে গাছের চারা বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন আরআরএফ’র প্রকল্পের সমন্বয়কারী আব্দুল মান্নান। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম উপজেলার হাজরাখানা বলুহ দেওয়ান দাখিল মাদরাসা প্রাঙ্গণে গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা আরআরএফ’র সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল।
আয়োজকরা জানান, ‘জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলায় ৯টি সমবায় সমিতির ৯২৫ জন নারী সদস্যের মাঝে একটি কদবেল, একটি থাই পিংক পেয়ারা, একটি নিম, একটি থাই সফেদা-সহ মোট চারটি করে চারা বিতরণ করা হয়।
পরে প্রধান অতিথি হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসা মাঠে একটি দেশি নিম ও একটি কদবেল চারা রোপণ করেন।



