জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না : ড. অলি আহমদ

ড. অলি আহমদ বলেন, ‘১১ দলীয় ঐক্যজোট ছাড়া বাংলাদেশে কখনো সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। দেশকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও মাদকমুক্ত করতে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দিচ্ছেন ড. অলি আহমদ বীর বিক্রম
১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দিচ্ছেন ড. অলি আহমদ বীর বিক্রম |নয়া দিগন্ত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘যেখানেই যাই মানুষের মুখে একটাই কথা, তারা বর্তমান সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘১৯৭৫ সালের পর থেকে বহুবার কুমিল্লায় সভা-সমাবেশ করেছি। কিন্তু এতবড় সমাবেশ আমার জীবনে কুমিল্লায় দেখিনি। তারেক সাহেব, দেখে যান—জনগণ কী বলে।’

তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসময় বলেছিলেন গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। আমরাও বলছি—বিদ্যুৎ দাও, গ্যাস দাও, নইলে গদি ছেড়ে দাও।’

তিনি আরো বলেন, ‘১১ দলীয় ঐক্যজোট ছাড়া বাংলাদেশে কখনো সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। দেশকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও মাদকমুক্ত করতে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।’

বর্তমান পরিস্থিতির সমালোচনা করে এলডিপি সভাপতি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, জায়গা দখল, নেতাকর্মীদের হয়রানি ও মাদকের অভিযোগ রয়েছে। দেশ যেন জাহান্নামে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে ১১ দলীয় ঐক্যজোটকে আরো শক্তিশালী করতে হবে।’

তিনি বলেন, ‘২০২২ সালের পর থেকে আমি বহুবার বলেছিলাম—শেখ হাসিনা এখন গেলে কাপড় নিয়ে যেতে পারবেন, পরে গেলে এক কাপড়ে যেতে হবে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। বর্তমান সরকারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।’

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে, যোগ্যতার চেয়ে তোষামোদ করাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এ বিষয়ে আলাদা কোনো স্কুল খোলার প্রয়োজন নেই; রাজনীতিতে যারা দীর্ঘদিন এ ধরনের চর্চা করছেন, তাদের কাছ থেকেই শিক্ষা নেয়া যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘দেশকে বিদেশীদের প্রভাব থেকে রক্ষা করতে, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।