সিলেটে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রী নিহত

জাফলং যাওয়ার পথে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা
দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা |নয়া দিগন্ত

সিলেটে সড়ক দুর্ঘটনায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নুসরাত তার মামা ও খালাসহ পরিবারের সদস্যদের সাথে জাফলং ঘুরতে সিলেটে এসেছিল। সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে জাফলং যাওয়ার পথে চিকনাগুল এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি গেইটলক বাস অটোরিকশাটিকে পেছন দিক ধাক্কা দেয়। এতে নুসরাতসহ অন্য যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।