সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। এদিকে হামের প্রকোপে এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, এক দিন মৃত্যুহীন থাকার পর সিলেটে আবার হামে মৃত্যু হলো। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ১২ মাস বয়সী শিশু আরিয়ান ইসলাম সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।
আগের দিন অর্থাৎ শনিবার (২৯ আগস্ট) ৯২ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এক দিনের ব্যবধানে নতুন ভর্তি বেড়েছে আগের তুলনায় ৪৯ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ৩৩৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।
এদিকে নতুন ভর্তি হওয়া ১৪১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৬ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট হাসপাতালে দু’জন ও রাজীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে একজন ভর্তি রয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৩৩৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১২ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১২ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাজীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জনসহ অন্যান্য হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামে আরো একজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ১০ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৪২ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৬০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ২০ জন ও মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।



