গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে মাদক কারবার ও প্রকাশ্যে মাদক সেবন নিয়ন্ত্রণে এবার অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বস্তির বিভিন্ন অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মোহাম্মদ বেলায়েত হোসেনের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) নির্বাহী প্রকৌশলী এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
যৌথ অভিযানে বস্তির বিভিন্ন স্থানে থাকা অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে একই বস্তিতে মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে আটক এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
গণমাধ্যমকে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘প্রথাগত অভিযানের পাশাপাশি মাদক স্পটগুলোর বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। হাজীর মাজার বস্তির মতো এত বড় পরিসরে প্রকাশ্যে মাদক সেবনের চিত্র দেশের আর কোথাও দেখা যায় না। এটি দীর্ঘদিন ধরে পুলিশের জন্য বড় উদ্বেগের কারণ ছিল।’ তিনি বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’



