বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করা হয়।
মিছিলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত বিশাল মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নেতাকর্মীরা রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের আগে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা রুহুল কবির রিজভীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, রুহুল কবির রিজভী বিএনপির দুঃসময়ের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের মুখোমুখি হয়েও তিনি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সাথে অবিচল ছিলেন। রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে তিনি নেতাকর্মীদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য আমিনুর রহমান চৌধুরী, মাস্টার মোহাম্মদ লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, মো: রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, জাগির আহমদ, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু, খন্দকার হেলাল উদ্দিন, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, শাহাদাৎ হোসেন সুমন প্রমুখ।



