শিবচরে অর্ধশত নেতাকর্মী নিয়ে আ’লীগের ৫ নেতার পদত্যাগ

পদত্যাগকারীরা বলেন, আজ বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা অবহেলার মধ্যে রয়েছি। কোনো নেতাই এখন আর আমাদের খোঁজখবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
পদত্যাগকারী নেতারা সংবাদ সম্মেলন করছেন
পদত্যাগকারী নেতারা সংবাদ সম্মেলন করছেন |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারী পাঁচ নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ সময় তাদের সাথে থাকা প্রায় অর্ধশত নেতাকর্মীও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগের সাথে আর কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মো: আক্তার হোসেন সরদার, স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ইলিয়াস ঘরামি, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: করিম হাওলাদার ও ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: শাহজাহান সরদার। তাদের সাথে প্রায় অর্ধশত নেতাকর্মী ও সমর্থকও পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কঠোর পরিশ্রম করেছি। ঊর্ধ্বতন নেতাদের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু আজ বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা অবহেলার মধ্যে রয়েছি। কোনো নেতাই এখন আর আমাদের খোঁজখবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।

তারা আরো বলেন, আমরা স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব কার্যক্রম ও পদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি। আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই।

এদিকে, পাঁচ নেতার পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।