শাবিপ্রবির ২৯ বিভাগে ভর্তি ১৬৩৪ শিক্ষার্থী : সিলেটকে ছাড়িয়ে গেল ঢাকা-চট্টগ্রাম

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির হারে সিলেট বিভাগকে ছাড়িয়ে গেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) |নয়া দিগন্ত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সেরা উচ্চ শিক্ষায়তন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির হারে সিলেট বিভাগকে ছাড়িয়ে গেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষণে দেখা গেছে, গেল শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন চট্টগ্রাম ও ঢাকা বিভাগ থেকে। আর বিশ্ববিদ্যালয়টি যে অঞ্চলে অবস্থিত, সেই সিলেট বিভাগ রয়েছে তৃতীয় অবস্থানে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ২৮টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ভর্তি হয়েছেন ৩৬২ জন, যা মোট ভর্তির ২২.১৬ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম জেলা থেকে ৮৮ জন, কুমিল্লা থেকে ৭৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিভাগের অন্য জেলাগুলো থেকেও শিক্ষার্থীরা শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।

৩২৫ জন বা ১৯.৮৯ শতাংশ ভর্তি নিয়ে ঢাকা বিভাগ দ্বিতীয় অবস্থানে রয়েছে। ঢাকা জেলা থেকে ৮৬ জন, কিশোরগঞ্জ থেকে ৪৯ জন এবং নরসিংদী থেকে ৪৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এছাড়াও অন্য জেলাগুলো থেকেও শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

আর সিলেট বিভাগ থেকে ভর্তি হয়েছেন ২৯৮ জন বা ১৮.২৪ শতাংশ। এর মধ্যে সিলেট জেলা থেকেই ভর্তি হয়েছেন ১৩২ জন, যা একক জেলা হিসেবে সর্বোচ্চ। মৌলভীবাজার জেলা থেকে ৫১ জন, হবিগঞ্জ থেকে ৫০ জন ও সুনামগঞ্জ থেকে ৬৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

এছাড়া ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ভর্তি হয়েছেন ১৭২ জন শিক্ষার্থী বা ১০.৫৩ শতাংশ। অন্যদিকে রংপুর বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৬২ জন। মোট ভর্তির ৯.৯১ শতাংশ শিক্ষার্থী এসেছে এ বিভাগ থেকে। রাজশাহী বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৫৪ জন বা ৯.৪৩ শতাংশ। খুলনা বিভাগ থেকে ১০৮ জন বা ৬.৬১ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সবচেয়ে কম শিক্ষার্থী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগ থেকে। এই বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৫৩ জন, যা মোট ভর্তির ৩.২৪ শতাংশ।

বিভাগভিত্তিক এই পরিসংখ্যান বলছে, শাবিপ্রবির নতুন শিক্ষার্থীদের বড় অংশই সিলেটের বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছে। বিশ্ববিদ্যালয়ের অবস্থান সিলেটে হলেও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে শাবিপ্রবির শিক্ষার্থীসমাজ হয়ে উঠেছে আরো বৈচিত্র্যময়।