কুলাউড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও জুয়াড়িসহ গ্রেফতার ৭

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতার সাত আসামিকে শুক্রবার দুপুরে মৌলভীবাজারের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Location :

Maulvibazar
কুলাউড়া থানায় বিভিন্ন মামলায় গ্রেফতার সাত আসামি
কুলাউড়া থানায় বিভিন্ন মামলায় গ্রেফতার সাত আসামি |নয়া দিগন্ত

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলায় অপরাধ দমন, মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুলাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার হিংগাজিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মন্তাজ আলীর ছেলে।

পৃথক অভিযানে পুশাইনগর এলাকার শেখ মো: ইছাক আলীর ছেলে আলমাছ মিয়া এবং ভুইগাঁও এলাকার মরহুম হাজী ছনর আলী সুনু মিয়ার ছেলে মো: জুবায়ের আহমেদ জুবের নামের আরো দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহায়তায় পরিচালিত অন্য এক অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে মকবুল হোসেন (৩০), মো. বাবুল মিয়া (২৮), মো. সোয়েব আহমেদ (৩৮) ও আব্দুল বাসিত (৩৬) নামে চারজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবির বাজারের মকবুল ব্রাদার্স টেলিকম থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতার সাত আসামিকে শুক্রবার দুপুরে মৌলভীবাজারের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।