সাভার (ঢাকা) সংবাদদাতা
ঢাকার সাভারে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে পৌর এলাকার উলাইলে আবুল খায়ের পাটওয়ারী (২৭) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অটোরিকশা গ্যারেজ মালিক নুরুজ্জামানকে (৩৫) গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৩টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক চাঁদপুর জেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটওয়ারীর ছেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, আবুল খায়ের মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার ভোরে তিনি চাঁদপুরের বাড়ি থেকে কাউকে না জানিয়ে বের হয়ে যান। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। সোমবার দিবাগত রাতে সাভার থানা থেকে স্বজনদের ফোন করে লাশ উদ্ধারের বিষয়টি জানানো হয়।
নিহতের ছোট ভাই ও মামলার বাদি শাহ পরান পাটওয়ারী জানান, সোমবার দুপুরে এক অটোরিকশাচালক তার ছোট ছেলেকে রিকশা পাহারায় রেখে বাসায় খাবার খেতে যান। ওই সময় আবুল খায়ের সেখানে গিয়ে শিশুটিকে বলেন, ‘দুই দিন ধরে ভাত খাইনি, আমাকে ভাত এনে দাও।’
শিশুটি বাসায় গিয়ে তার বাবাকে বিষয়টি জানায়। পরে তার বাবা ফিরে এসে দেখেন, আবুল খায়ের রিকশার হ্যান্ডেল ধরে বসে আছেন।
তখন সেখানে থাকা গ্যারেজ মালিক নুরুজ্জামান তাকে চোর অপবাদ দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুই ব্যক্তি নিহত আবুল খায়েরের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে পালিয়ে যায়। সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনের সময় নিহতের শরীরে একাধিক মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহ পরান সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে। মামলায় অটোরিকশা গ্যারেজ মালিক নুরুজ্জামানকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।



