জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেয়ার আহ্বান রাজশাহীর ডিসির

অযৌক্তিকভাবে জ্বালানি তেল কেনা বা মজুদ করলে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি হতে পারে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে। তাই আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণের মাধ্যমে বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি, বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং গুজব প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা
জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি, বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং গুজব প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা |নয়া দিগন্ত

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত তেল কেনা বা মজুদ না করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।

বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি, বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং গুজব প্রতিরোধ বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল কেনা কিংবা মজুদ করার কোনো প্রয়োজন নেই। তিনি সবাইকে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, অযৌক্তিকভাবে জ্বালানি তেল কেনা বা মজুদ করলে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি হতে পারে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে। তাই আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণের মাধ্যমে বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

সভায় জ্বালানি তেলের বর্তমান সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি ও ভবিষ্যতে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পেট্রোল পাম্প মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।

সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবারো সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়। একইসাথে অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুদ থেকে বিরত থেকে আতঙ্ক নয়, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সবুর আলী।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (এসএ শাখা) অভিজিত সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ব্যবসা ও বাণিজ্য শাখা) বোরহান উদ্দিন অন্তর, জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।