নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর শিশু তামিমের (৬) লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার (১০ জুন) বিকেলে সোনাদিয়া ইউনিয়ন সংলগ্ন চর আতাউরের পশ্চিম পাশে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে, মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত তামিম পশ্চিম চরচেঙ্গা গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাছ ধরতে নদীতে যান শাহাদাত হোসেন। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর বাবা নদীর পাড়ে অবস্থান করলেও তামিম তার এক চাচাত ভাইয়ের সাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে।
ঘটনার পর স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছালেও হাতিয়ায় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
পরদিন বুধবার সকালে ভোলা থেকে কোস্ট গার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পরও নিখোঁজ তামিমের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
বিকেলে সোনাদিয়া ইউনিয়ন সংলগ্ন চর আতাউরের পশ্চিম পাশে মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেরা লাশটি দেখে খবর দেয়। পরে কোস্ট গার্ড গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের নিজস্ব কোনো ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বুধবার বিকেলে কোস্ট গার্ড শিশুটির লাশ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’



