সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে আটজন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৫ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া একমাত্র রোগী হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আটজনের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে একজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে দুইজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১৬ জন, সিলেট জেলায় ১৫ জন এবং মৌলভীবাজারে আটজন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও বরিশাল থেকে সিলেট বিভাগে এসে শনাক্ত হয়েছেন আরো তিনজন রোগী।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম বলেন, ‘বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’



