কুড়িগ্রামের উলিপুরে ২০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে। নারীদের আয়মুখী কাজে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উলিপুরে সংসদ সদস্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
অনুষ্ঠানে উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, সাবেক আমির মাওলানা মশিউর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন পাওয়া মারুফা বেগম বলেন, ‘এখন থেকে ঘরে বসেই সেলাইয়ের কাজ করে আয় করার সুযোগ পাব। সংসারের খরচে সহযোগিতা করার পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতেও এটি কাজে লাগবে।’
অনুষ্ঠানে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, সুবিধাবঞ্চিত মানুষের হাতে শুধু সহায়তা তুলে দিলেই সমস্যার স্থায়ী সমাধান হয় না। তাদের এমনভাবে সহযোগিতা করা প্রয়োজন, যাতে তারা নিজেরাই আয় করে পরিবার ও সমাজে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
তিনি বলেন, ‘একটি সেলাই মেশিন একজন নারীর জন্য শুধু একটি উপকরণ নয়; এটি তার নিজের পায়ে দাঁড়ানোর একটি সুযোগ। নারীদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেয়া হবে।’
নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি।



