লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ হানিফ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সাজিদ খান, নোবিপ্রবি
নতুন ভিসি ড. মোহাম্মদ হানিফ
নতুন ভিসি ড. মোহাম্মদ হানিফ |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) নতুন ভিসি (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মোহাম্মদ হানিফ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং নোবিপ্রবির ট্রেজারার।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. মোহাম্মদ হানিফকে এই নিয়োগ দেয়া হয়েছে। তবে তার নোবিপ্রবির ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক এ নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনের শর্তে বলা হয়, ভিসি হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর নেয়ার তারিখের মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।