কিশোরগঞ্জে মুখ থেঁতলানো অবস্থায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
নিহত মো শফিক মিয়া
নিহত মো শফিক মিয়া |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী নদীর তীর থেকে মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় মো: শফিক মিয়া (৩১) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের সামনে কালনী নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

নিহত শফিক মিয়া আব্দুল্লাহপুর গ্রামের মরহুম আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শফিক মিয়া বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। তার দু’টি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি স্ত্রীর সাথে তার বিবাহবিচ্ছেদ হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। মীমাংসার অংশ হিসেবে স্ত্রীকে দেনমোহর ও ভরণপোষণ বাবদ ৫০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছিল।

স্থানীয়দের দাবি, শফিকের কাছে প্রায় ৪০ হাজার টাকা ছিল এবং বাকি ১০ হাজার টাকা জোগাড়ের চেষ্টা করছিলেন তিনি। টাকাগুলো সব সময় নিজের কাছেই রাখতেন শফিক। সেই টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী। তবে পুলিশ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে পুলিশ কাজ করছে।