নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো: মাসুম বিল্লাহ (২৭)।
জিলানী চাঁদপুরের মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা দু’জনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সাথে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম বলেন, ‘নিহত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের মোটরসাইকেল ও নাসিকের বর্জ্যবাহী ট্রাকটি একই দিকে যাচ্ছিল। দু’জনই ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। কেউ বলছেন, ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে আবার কেউ বলছেন পাশাপাশি যাবার সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা ট্রাকটি পেলেও চালক সেটি ফেলে পালিয়ে গেছেন। ঘটনাস্থলে নাসিকের প্রশাসকও এসেছিলেন। আমাদের তদন্ত চলমান রয়েছে।’
তিনি আরো বলেন, ‘লাশ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’



