ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুরাতন মবিলের ড্রামবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে পৌরসভার মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার শিমরাইল তালতলা গ্রামের মরহুম নূর মোহাম্মদ মৌলবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পুরাতন মবিলের ড্রামবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর অটোরিকশাটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে উপজেলা সীমান্তবর্তী রহমতগঞ্জ এলাকা থেকে সেটি আটক করে। পরে চালকসহ অটোরিকশাটি ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনায় আটক চালকের নাম হৃদয় হাসান (২২)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার আলম মিয়ার ছেলে।
নিহত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছিলেন। এক সময় তিনি নিজেও ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তিনি মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকার বাবুল মিয়ার ‘আল মোবারক চিড়ার মিল’-এ শ্রমিক হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে চার বছর বয়সী এক মেয়ে শারীরিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তা ও সঙ্কটে পড়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, ঘাতক অটোরিকশাটি চালকসহ আটক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



