মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দিলেন সাবেক ছাত্রদল নেতা

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, শুক্রবার বিকেলে শহরের ভায়না মাইক্রো স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনের সাথে নাঈমুজ্জামান নয়নের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন প্রকাশ্যে ইমরানকে চড়-থাপ্পড় মারেন। এ সময় ঘটনাটি ভিডিও করা হয়।

Location :

Magura

মাগুরা প্রতিনিধি
মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে সদ্য নির্বাচিত মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক সদর থানা ছাত্রদলের সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, শুক্রবার বিকেলে শহরের ভায়না মাইক্রো স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনের সাথে নাঈমুজ্জামান নয়নের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন প্রকাশ্যে ইমরানকে চড়-থাপ্পড় মারেন। এ সময় ঘটনাটি ভিডিও করা হয়।

ওসি জানান, বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে রাত ৮টার দিকে নয়নকে সদর থানায় আনা হয়। পরে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ কয়েকজন নেতৃবৃন্দের উপস্থিতিতে ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে নয়ন পুলিশ সদস্য ইমরানের কাছে ক্ষমা চান। পরে বিষয়টি মীমাংসা করা হয়।

তবে প্রকাশ্যে একজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা দাবি করেন, নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে এর আগে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।