সিরাজগঞ্জের তাড়াশে মিলন মিয়া (৩০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেড়খালী এলাকায় খালের কচুরীপানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমার বাড়ি জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে এসে মিলনের লাশ শনাক্ত করেন।
মিলনের পরনে ছিল টি-শার্ট ও ফুল প্যান্ট। তার শরীর পচে দুর্গন্ধ বের হচ্ছিল।
মিলন মিয়া ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। তিনি গত ২ আগস্ট বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকায় রওনা হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো: শাহ আলম জানান, লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তার পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



