চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
সৌদি আরবে ভবনের ছাদ থেকে পড়ে ভোলার চরফ্যাশনের মো: ফিরোজ নামে এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় তার লাশ দেশে ফেরানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৃতের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।
ফিরোজ ভোলার চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, সৌদি আরবে যাওয়ার পর ফিরোজ জানতে পারেন, দালাল চক্র তাকে বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে পাঠিয়েছেন। পরে বাধ্য হয়ে অবৈধভাবে আত্মগোপনে থেকে দীর্ঘদিন রাজমিস্ত্রির কাজ করছিলেন তিনি।
গত ২৯ আগস্ট বিকেলে সৌদি আরবের দাম্মামের তোকবা এলাকার একটি ভবনের চারতলায় ছাদের কাজ করছিলেন ফিরোজ। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফিরোজের বৈধ কাগজপত্র না থাকায় তার লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রিয়জনের লাশ শেষবারের মতো দেখতে এবং নিজ দেশে দাফন করতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ‘মৃত প্রবাসী ফিরোজের পরিবার লিখিত আবেদন করলে তার লাশ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
পরিবারের প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট দফতর ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফিরোজের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।



