সংবিধান অনুযায়ী হবে প্রেসিডেন্ট নির্বাচন : মির্জা ফখরুল

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেয়া হবে। এটি এই বছরের শেষে না হলে সামনের বছরের প্রথম দিকে হবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংবিধান অনুযায়ী হবে প্রেসিডেন্ট নির্বাচন। এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।’

সোমবার (২৭ জুলাই) রংপুর মহানগরীর টার্মিনালে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের আমির সাহেব কি বলেছেন এটা তার ব্যাপার। আমরা খুব পরিষ্কার করে বলি যে, আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।’

তিনি বলেন, ‘বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলেন—তাদের মাইন্ড সেট সেইভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন, উনি উনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন। তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। উনারা গণতান্ত্রিক দল কিনা-সেটা উনারাই নিজেরা বিবেচনা করবেন।’

রাষ্ট্রপতি ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেয়া হবে। এটা তো আগেই বলেছি আমরা যে এই বছরের শেষে না হলে সামনের বছরের প্রথম দিকে হবে।’

স্থানীয় সরকার নির্বাচনে আইন সংশোধনের প্রস্তাব ও সুপারিশের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটাতে আমাদের করার কিছু নেই। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যেহেতু স্থানীয় সরকারের বিষয় আছে, এই বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটা জিনিস ভাই খুব পরিষ্কার করে বলতে চাই, এলাকার উন্নয়নের জন্য খুব ক্ষুদ্র রাজনীতি করবেন না। একটু বড়, উদার হবেন। সংকীর্ণতা রাখবেন না। এখানে সবাই মিলে একসাথে কাজ করেন যাতে করে এই পিছিয়ে পড়া এলাকাগুলোর আমরা উন্নয়ন করতে পারি। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। রংপুরে যারা ব্যবসা-বাণিজ্য করেন, তাদের অনুরোধ করব শুধুমাত্র ওই ঠিকাদারি ঠিকাদারি করে দৌঁড়াবেন না। বিনিয়োগের চেষ্টা করেন। আমাদের সাথে যোগাযোগ করেন। এখন বিনিয়োগের শ্রেষ্ঠ সময়।’

পরে মির্জা ফখরুল পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন। ঘুরে দেখেন স্টল। কথা বলেন উদ্যোক্তাদের সাথে। এরপর অংশ নেন শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভায়। এসময় তিনি বিভিন্ন উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত মহিলা এমপি রেজেকা সুলতারা ফেন্সি, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ-আরপিডিএ চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, ডিসি মোহাম্মদ রুহুল আমিন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী।