চুয়াডাঙ্গা যদুপুর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে বিশিষ্ট ইসলামী বক্তা ও জামায়াত নেতা ক্বারী শাফায়াত উল্লাহর মৃত্যু হয়েছে।
ক্বারী শাফায়াত উল্লাহ ওই গ্রামের কুমিল্লাপাড়ার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ক্বারী শাফায়াত উল্লাহ রোববার দিনগত রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় রাত ১ টার দিকে বিষধর সাপ তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। মৃত ক্বারী শাফায়াত উল্লাহ বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি এলাকায় একজন ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা বলেন, বিষয়টির ব্যাপারে আমাদেরকে কেউ অবগত করেনি।



