ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। বর্ষার আগেই টানা ১৫ দিনব্যাপী ফগার মেশিন স্প্রে করে ডেঙ্গু নিধন করা হবে বলে জানিয়েছে রাসিক কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাসিক আয়োজিত সমাবেশে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন আজ একথা জানান।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাসিক-এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মহানগরীর দড়িখরবোনা মোড়, কাদিরগঞ্জ হয়ে পুনরায় নগর ভবনে চত্বরে এসে শেষ হয়।
রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রা শেষে নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, নিজেদের পরিবার ও প্রিয় নগরীকে সুরক্ষিত রাখতে সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করি।’
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন আগাম প্রস্তুতি গ্রহণ করছে। ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। রাসিক প্রশাসক বাড়ির উঠানে, আনাচে কানাচে এবং রাস্তা বা ডোবায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর আগে হাম-রুবেলা মোকাবেলায় আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলাম। এবার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষার আগেই মশক নিধনে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।
শোভাযাত্রায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ঈ-সাঈদ, রাসিকের ২৫ ও ২৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সিডিসির সদস্যবৃন্দ, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী ও রেড ক্রিসেন্ট ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।



