সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘এদেশ বিভিন্ন সময় পথ হারালেও বারবার বিএনপির হাত ধরেই সঠিক পথ ফিরে যায়। এবারো ক্ষমতায় আসার পর থেকেই জনমানুষের আকাঙ্খা পূরনে কাজ করছে বিএনপি। বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষ বিএনপিকে ভালোবেসে ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে। আগামী দুই বছরের মধ্যে এসব এলাকার বহুল আকাঙ্ক্ষিত সকল রাস্তাঘাটের কাজ সম্পন্ন করবো।’
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, ‘৪৮ বছর আগে, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রিয় এই দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশপ্রেম, স্বাবলম্বিতা ও জাতীয়তাবাদের যে আদর্শ নিয়ে বিএনপি যাত্রা শুরু করেছিল, তা আজও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় ভরসাস্থল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও ত্যাগ বিএনপিকে এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে গণমানুষের প্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শহিদ জিয়া প্রতিষ্ঠিত এই বিএনপির হাত ধরেই পথে ফিরে বাংলাদেশ।’
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় পৌরশহরের ইউছুফ কমপ্লেক্সে আয়োজিত এ সভায় ব্ক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ফখরুল ইসলাম, তিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ নজির আহমদ, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল আহমদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন, শেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ওলিউর রহমান নাসির, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা সম্পাদক সাকের মাহমুদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল আহমদ ও ছাত্রদল নেতা বাবর আহমদ।
পরে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ও পথসভায় বক্তব্য রাখেন। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, জেলা বিএনপি নেতা আবু নাসের পিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনসহ জেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া র্যালিতে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর শত শত নেতাকর্মী অংশ নেন।



