গাবতলী (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে আম কুড়াতে গিয়ে গাছচাপায় আমেনা বেওয়া (৪৭) নামের এক বিধবার মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) ভোরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আমেনা বেওয়া ওই গ্রামের মরহুম সোলাইমান প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে আমেনা বেওয়া ঝড়ের মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে যান। এ সময় একটি গাছ ভেঙে তার ওপর পড়লে তিনি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
আমেনা বেওয়ার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং খোঁজখবর নেন নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে, মরহুমা আমেনা বেওয়ার রুহের মাগফিরাত কামনা করাসহ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু।



