ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের প্রত্যাহারসহ নানা দাবিতে কুমিল্লার লাকসামে সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোডে ব্যাংকের সামনে গ্রাহকরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে গ্রাহকরা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনা, বর্তমান অবৈধ চেয়ারম্যান খুরশীদ আলমকে প্রত্যাহার, ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী এএমডি কামাল উদ্দিন জসিমকে বহিষ্কার ও গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মো: ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে এবং ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের অযাচিত নগ্ন হস্তক্ষেপ এবং পুনরায় লুটেরা এস আলমের হাতে ব্যাংক তুলে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, আমরা ব্যাংকের সাধারণ গ্রাহক। আমাদেরকে বাদ দিয়ে ব্যাংকের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসআলম গ্রুপ একসময় ব্যাংকটিকে জোরপূর্বক দখল করেছিল। আবারো একই ষড়যন্ত্র চলছে। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নামে-বেনামে ঋণ দেখানোসহ নানা কৌশলে ইসলামী ব্যাংক থেকে লাখো কোটি টাকা লুটপাট করেছে এসআলম গ্রুপ।
গ্রাহক ফোরামের নেতারা আরো বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আস্থা ফিরে আসছে, তাই ডিপোজিটও বাড়ছে। এ সময় তারা ব্যাংকের উন্নয়নে সকল গ্রাহকসহ প্রবাসী ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সহ-সভাপতি মাওলানা আদম সফিউল্লাহ, মাওলানা জাকির হোসেন, ব্যাংকের গ্রাহক ফখরুল ইসলাম মাসুম, আবুবকর জাহিদ প্রমুখ।
এ সময় দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী মো: নুরে আলম, মাস্টার মো: আব্দুর রহমান, ব্যাংকের গ্রাহক মো: শাহাদাত হোসেন, মো: আবুল কালাম, মাওলানা দেলোয়ার হোসাইন, আব্দুর রশিদসহ শতশত গ্রাহক মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



