চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের থুতুরহাট গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে রানা দাস (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে সদর থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার রানা দাস থুতুরহাট গ্রামের দাসপাড়ার খোকন দাসের ছেলে। আর নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির বাইরে খেলাধুলা করছিল। ওই সময় স্বজনদের অনুরোধে শিশুটি রানার ঘরে খাবারের থালা পৌঁছে দিতে যায়। এ সুযোগে অভিযুক্ত রানা দাস শিশুটিকে ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। পরে শিশুটি কান্নারত অবস্থায় ঘর থেকে বের হয়ে স্বজনদের বিষয়টি জানায়।
ঘটনার দিন কর্মস্থলে থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি ভুক্তভোগীর মা। পরে কাজ শেষে বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন তিনি।
ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি একটি ফ্যাক্টরিতে কাজ করি। বাড়ি ফিরে মেয়ের মুখে পুরো ঘটনা শুনে স্তব্ধ হয়ে যাই। আমার অবোধ শিশুর সাথে ঘটে যাওয়া এই জঘন্য অপরাধের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি চাই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাদেব কুমার জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত কাজ অব্যাহত রয়েছে।



