মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসন খুদে বিজ্ঞানীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে বিজ্ঞান মেলার আয়োজন করেছেন।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ মেলায় আয়োজন করা হয়।
‘মেধা-বিজ্ঞান-উদ্যোগ-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিফতরের আওতাধীন ‘অ্যাডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’ এবং সেকেন্ডারি অ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো: আমির হোসেন, ঘিওর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শওকত আহমেদ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মেহনাজ ফেরদৌস প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও স্টার্টআপ আইডিয়া দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এসব তরুণ উদ্ভাবক বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।
মেলায় উপজেলার ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
খুদে বিজ্ঞানীদের তৈরি পরিবেশবান্ধব নগর পরিকল্পনা, রোবোটিকস ও আধুনিক কৃষি প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠান শেষে সেরা প্রকল্প উপস্থাপনকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং সনদপত্র বিতরণ করা হয়।



