কুড়িগ্রামে অভিযানে ২১৫০ কেজি সার উদ্ধার, ২ জনকে জরিমানা

মোবাইল কোর্টে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা দুই হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

জানা যায়, সার মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টির অভিযোগে মো: বেলাল মিয়া ও মো: মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২ বস্তায় এক হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।

মোবাইল কোর্টে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সে জন্য ভুরুঙ্গামারী থানা পুলিশ সার বিতরণ ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।’