ইসলামী ব্যাংকের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ, রাজধানীতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় নৃশংস হামলার প্রতিবাদ এবং চেয়ারম্যানকে অপসারণের দাবিতে চাঁদপুরে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টার দিকে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ব্যাংকের চাঁদপুর শাখার সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামী ব্যাংকের শত শত গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এ সময় সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। এই ব্যাংকটিকে টিকিয়ে রাখা একজন সচেতন গ্রাহক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আমাদের আমানত নিরাপদ মনে করছি না। আমাদের আমানতের নিরাপত্তা ও ব্যাংকের নিরাপত্তা নিয়ে অনেকে চিন্তিত।
বিগত ফ্যাসিবাদী সরকার যেভাবে ইসলামী ব্যাংককে দখল করে লুটপাট করেছে, আমরা বর্তমান সরকারের আচরণেও একই চিত্র দেখতে পাচ্ছি। এভাবে যেন ইসলামী ব্যাংকটি আবার দেউলিয়া হয়ে না যায়, যার কারণে আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
আমরা মনেকরি, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদের চেয়ারম্যানকে দুর্বিসন্ধিমূলকভাবে নিয়োগ দেয়া হয়েছে। যিনি কিনা একজন ঋণ খেলাপি ও লুটেরা। এমন একজন মানুষকে দিয়ে ইসলামী ব্যাংক পরিচালিত হলে অচিরেই ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। আমরা এই ব্যাংককে আর দেউলিয়ার হাতে ছেড়ে দিতে পারি না। আমরা চাই যোগ্য ও বৈধ ব্যক্তিরাই এই ব্যাংক পরিচালনা করুক।
যারা এই ব্যাংকটিকে তিলে তিলে গড়ে তুলে উন্নতির শিখরে তুলেছিলেন তাদেরকেই পরিচালনা পরিষদের দায়িত্ব দিতে হবে। এখন এটা প্রমাণিত তারা ছাড়া সঠিকভাবে কেউ ব্যাংক পরিচালনা করতে পারবে না। যারাই অবৈধ হস্তক্ষেপ করেছে তারা শুধু ইসলামী ব্যাংক লুটেপুটে খাওয়ার জন্য চক্রান্ত করে আসছে।
একটি চক্র বিগত দিনে ইসলামী ব্যাংক লুটপাট চালিয়েছে, বর্তমানে আরেকটি চক্র লুটপাট করার জন্য ব্যাংকের পেছনে লেগেছে। আমরা সচেতন গ্রাহক হিসেবে ইসলামী ব্যাংককে আর লুটেরাদের হাতে তুলে দিতে পারি না।
আমরা অবিলম্বে অবৈধ চেয়ারম্যানের অপসারণ দাবি করছি। আমাদের দাবি মানতে হবে। আর যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেবো। বর্তমান অবৈধ চেয়ারম্যানের অপসারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী সবুজ খান, ব্যাংকের গ্রাহক মো: আলমগীর হোসেন বন্দুকসী, অধ্যাপক ওমর ফারুক, গোলাম মাওলা, আমিন বেপারী প্রমুখ।
বক্তারা আরো বলেন, দেশের ১৮ কোটি মানুষের আস্থা হচ্ছে ইসলামী ব্যাংক। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যাংকটি এস আলম গ্রুপসহ কয়েকটি গ্রুপের মাধ্যমে লুটপাট করেছে। ব্যাংকটি অনেকটা তলাবিহীন ঝুলিতে পরিণত হয়।
সেখান থেকে অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি আবার যোগ্য কর্মকর্তাদের হাত ধরে আগের অবস্থানে ফিরতে সক্ষম হয়। এখন আবার ব্যাংক থেকে বহিস্কৃত লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হচ্ছে। এই চেয়ারম্যানকে কোনো গ্রাহকেই মেনে নিবে না। সরকারের প্রতি অনুরোধ, ব্যাংকটিতে যাতে হস্তক্ষেপ না করা হয়। অন্যথায় আরো কঠোর আন্দোলন ও কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।
এ সময় আন্দোলনকারীরা চাঁদপুর শাখার ব্যাংকের ম্যানেজারকে এই দাবির কথা জানালে ব্যাংক ম্যানেজার বলেন, ব্যাংকের চেয়ারম্যানকে বাংলাদেশ ব্যাংক নিয়োগ দিয়ে থাকে। আমি মনেকরি, বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের দাবি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।



