টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর উপজেলার রাউৎবাড়ী-জিগাতলা ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানের সামনে ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকার ছাত্র-জনতা, যুবসমাজ ও মুসল্লিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মানসিক প্রতিবন্ধী তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের এক মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধর্ষণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান বক্তারা।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাব্বির রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষণকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত ধর্ষণকারীদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ২৭ এপ্রিল মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে রাতভর দলবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। পরদিন সকালে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী তার বাড়িতে পৌঁছে দেয়।



