গাজীপুর জেলা প্রতিনিধি
বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন। বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্রির পরিচালক (গবেষণা) (রুটিন দায়িত্ব) এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ড. রফিকুল ইসলাম ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রিতে যোগদান করেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি গবেষণা ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৭১ সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) ডিগ্রি অর্জনের পর ২০০৩ সালে তৎকালীন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর এবং ২০১২ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. রফিকুল ইসলাম বর্তমানে জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থার (এনএআরএস) অন্যতম জ্যেষ্ঠ মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে পরিচিত। দেশী-বিদেশী স্বনামধন্য বৈজ্ঞানিক সাময়িকীতে তার ৮০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
গবেষণা ও পেশাগত কাজে তিনি ইংল্যান্ড, স্কটল্যান্ড, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।



