চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে তাদের আটক করা হয়।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির সীমান্ত পিলার-৬২/৫-এস থেকে আটজন (নারী) বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
পরে দুপুরে সুবেদার ফিরোজ আটক বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক (ওসি) সোলায়মান সেখ বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক আটজনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। বিজিবি থেকে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরেই তাদের আদালতে সোপর্দ করা হয়।



