চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
ভোলার চরফ্যাশন চৌকি আদালতে আত্মসমর্পণ করতে এসে হামলার শিকার হয়েছেন ওসমানগঞ্জ ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় চরফ্যাশন চৌকি আদালতের সামনে অধ্যক্ষ মাজেদের উপর বাদী সুমন ও তার পরিবারের লোকজন মিলে এ হামলা করে। এ সময় কোর্টে অবস্থানরত জিআরও, উকিল এবং কোর্টের পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন।
অধ্যক্ষ মাজেদ বলেন, ‘ওসমানগঞ্জ ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামে জমির বিরোধ নিয়ে একই এলাকার সুমন আমার বিরুদ্ধে একটি মামলা করলে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করতে আসি। তখন আদালত প্রাঙ্গণে মামলার বাদী তার নিকটাত্মীয়সহ ১০-১২ জন লোক নিয়ে আদালতের সামনে এ হামলা চালায়। আমি ডাক-চিৎকার দিলে আদালতের ভেতরে থাকা কোর্ট দারোগা, জিআরও, আইনজীবী ও আইনজীবীদের সহকারীরা এসে আমাকে উদ্ধার করেন। হামলায় আমি মারাত্মকভাবে আহত হলে প্রাথমিকভাবে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় আছি।’
এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্ন তোলেন আদালত পাড়ায় অবস্থানরত বিভিন্ন মামলার বাদী-বিবাদীরা।
অধ্যক্ষ মাজেদের আইনজীবী অ্যাডভোকেট রায়হান বলেন, ‘ঘটনার বর্ণনা শুনে মহামান্য আদালত মামলার বাদী সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জমি সংক্রান্ত মামলার রায়ে অধ্যক্ষ মাজেদকে ১৪ লাখ টাকা জরিমানা করলেও এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।’
আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
চরফ্যাশন উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন বলেন, ‘আদালত হচ্ছে জনসাধারণের নিরাপদ আশ্রয়স্থল, এখানে মানুষ নিরাপত্তা না পেলে কোথায় নিরাপত্তা পাবে?’
তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য আদালত কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন। অন্যথায় এ আদালতের প্রতি জনসাধারণের কোনো আস্থা থাকবে না বলে জানান।



