সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস মিলেছে। গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা অববাহিকার অধিকাংশ নদীর পানি কমেছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস (সুরমা ব্রিজ)
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস (সুরমা ব্রিজ) |নয়া দিগন্ত

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস মিলেছে। গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা অববাহিকার অধিকাংশ নদীর পানি কমেছে। তবে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্টে পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা পুরোপুরি কাটেনি।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমেছে। তবে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার এবং মারকুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে নদ-নদীর পানি আরও কমতে পারে। ফলে আগামী তিন দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতির সম্ভাবনা রয়েছে।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন কোনো বৃষ্টিপাত হয়নি।

জেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র, ত্রাণসামগ্রী ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।