নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় আহত স্কুটি চালক চীনা নাগরিক লি চ্যাং ইয়াং (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত লি চ্যাং ইয়াং নরসিংদীর মাধবদী উপজেলার বাগানবাড়ি এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।
এর আগে, গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদী যাওয়ার পথে উত্তর ৩০০ ফিট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের সহকর্মী রুহুল আমিন জানান, লি চ্যাং ইয়াং নরসিংদীর মাধবদী বাগানবাড়ি এলাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদী যাওয়ার পথে উত্তর ৩০০ ফিট এলাকায় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওই চীনা নাগরিকের লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ওই নাগরিকের মাথা ও ডান কান থ্যাঁতলে গেছে এবং মাথার খুলির হাড় খোলা অবস্থায় ব্যান্ডেজ করা ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



