নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যা মামলায় গ্রেফতার আসামিদের আদালত থেকে কারাগারে নেয়ার সময় আসামিদেরকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় প্রধান আসামি শেখ সিফাতসহ অন্য আসামিদের ঘিরে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ স্থানীয়রা।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এর আগে দুপুরে বুলবুল হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরীর আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।
শুনানি শেষে আদালত সাত পুরুষ আসামির ১০ দিন এবং চার নারী আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের আদেশ পাওয়া আসামিরা হলেন শেখ সিফাত (৩২), মাহাবুব হোসেন ওরফে মাহফুজ (৩২), জুম্মান ওরফে হোয়াইট জুম্মান (২৯), রিয়াদ (৩৩), সিয়াম (২৫), ইরফান (২৯), মিনারা (৩৫), নাসিমা বেগম (৩৬), রুমা বেগম (৩৬), ইয়াসমিন (৩০) ও সিজান ওরফে জিসান (২৪)।
রিমান্ড শুনানি শেষে আসামিদের আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ লোকজন আসামিদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে প্রধান আসামি সিফাতসহ কয়েকজনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এসময় আসামিদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ দ্রুত তাদের প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যায়।
নারায়ণগঞ্জের কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, আসামিদের আদালত থেকে বের করে হাজতে নেয়ার সময় উত্তেজিত জনতা স্লোগান দিয়েছে। তবে এ সময় হামলা বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত ২০ আগস্ট রাতে নারায়ণগঞ্জের বন্দরে মামলা প্রত্যাহার না করায় ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে (৩৮) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহত বুলবুলের বড় ভাই জুবায়ের আল আমিন বন্দর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ১১ আসামিকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করে বন্দর থানা পুলিশ।



