ঝালকাঠির ভিমরুলী এলাকায় খালে গোসল করার সময় আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো: সানি (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ভিমরুলী বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোর সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা মো: সোহেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে দুপুর সোয়া ২টার দিকে তারা ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে মো: সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সাথে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করে এবং পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করে।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।



