নেত্রকোনার কেন্দুয়ায় সাত হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার (১৫ জুলাই) সকালে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের ফেনেরগাতী নামক স্থানে অভিযান চালিয়ে একটি বাস থেকে তাকে আটক করা হয়।
আটক নারীর নাম মরিয়ম বেগম (৩৬)। তিনি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কুখ্যাত মাদককারবারি জুয়েল মিয়ার স্ত্রী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো: নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম বুধবার সকালে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের সান্দিকোনা ইউনিয়নের ফেনেরগাতী নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় বিভিন্ন যানবাহন তল্লাশিকালে আশেকান হাওলাপুরী নামক একটি বাস থেকে মরিয়ম বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে সাত হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। তার সাথে থাকা একটি বাটন মোবাইলফোন ও নগদ তিন হাজার টাকাও জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো: নাজমুল হক জানান, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা সদা জাগ্রত। অভিযান চলছে এবং চলবে।



