চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেলা প্রশাসকের বড় ভাই পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক চুয়াডাঙ্গা।
এর আগে, বুধবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ প্রতারণার অভিযোগে তাদের আটক করে।
পুলিশ জানায়, আলমডাঙ্গার বাসিন্দা হেলাল নামের এক ব্যক্তি চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার বাসিন্দা রাসেল আলীর সাথে কুষ্টিয়ার হরিনারায়নপুর এলাকার জাহিদুল ইসলাম ডাবলুর পরিচয় করিয়ে দেন। জাহিদুল নিজেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বড় ভাই হিসেবে পরিচয় দেন এবং চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দেন।
প্রতারক চক্রের প্রলোভনে রাসেল আলী বিভিন্ন সময়ে মোট ৫৬ হাজার টাকা প্রদান করেন। পরে চক্রটি আরো ৫০ হাজার টাকা দাবি করলে স্থানীয়দের সন্দেহ হয় এবং জাহিদুল ইসলাম ডাবলু ও তার সহযোগী কালু মণ্ডলকে আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করে। এ সময় চক্রের অন্য দুই সদস্য হেলাল ও তফসের পালিয়ে যায়।
ভুক্তভোগীর বাড়ি ও ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর থানাধীন হওয়ায় আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি হেলাল ও তফসেরকে গ্রেফতারে অভিযান চলমান আছে। অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে জানানো হয়েছে, জেলা প্রশাসকের আত্মীয় কিংবা অন্য কোনো পরিচয় দিয়ে কারো সাথে আর্থিক বা অন্য কোরো লেনদেন করা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।
কোনো প্রকার সরকারি চাকরি বা সুবিধার জন্য অর্থ লেনদেন না করতে এবং এমন প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে অনুরোধ করা হয়েছে।



