চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় আগুন গেলে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম বঙ্গবানু মেম্বারটেক এলাকার একটি লবণ কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

জানা গেছে, বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার লবণ কারখানাটিতে শ্রমিকরা কাজ করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, ‘কারখানায় কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে কয়েকজন শ্রমিক আহত হয়েছে, পরে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে আছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলা উদ্দিন জানান, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।